এশিয়াডে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেরা আলাদা ব্যবস্থা করছে বিসিসিআই
অবশেষে সিদ্ধান্তটা নিয়েই নিল বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেদের খরচে আলাদা ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মহিলা দল গেমসের নির্ধারিত জায়গাতেই থাকবে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
অবশেষে সিদ্ধান্তটা নিয়েই নিল বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের থাকার জন্য নিজেদের খরচে আলাদা ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মহিলা দল গেমসের নির্ধারিত জায়গাতেই থাকবে।
বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া জানান, পুরুষ দলের সাপোর্ট স্টাফ বেশি হওয়ায় ক্রিকেট দলের প্রতিনিধি সংখ্যা ২০ জনের বেশি হচ্ছে। সে কারণেই তাঁদের পুরুষ দলের জন্য আলাদা ব্যবস্থা করতে হচ্ছে। তবে মহিলা দলের সাপোর্ট স্টাফ কম হওয়ায় প্রতিনিধি সংখ্যা নির্ধারিত ২০ জনের মধ্যেই থাকছে। তাই তারা গেমসের জন্য নির্ধারিত জায়গাতেই থাকবে।
এমনিতে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল, ক্রিকেটারদের থাকার উপযুক্ত ব্যবস্থা কি এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় থাকবে? বিসিসিআই কি ক্রিকেটারদের জন্য আলাদা ব্যবস্থা করবে? শেষ পর্যন্ত পুরুষ দলের জন্য সেই ব্যবস্থাই করল ভারতীয় বোর্ড। তবে কারণটা আলাদা বলে জানানো হয়েছে।
এর পাশাপাশি বোর্ড সচিব আশা প্রকাশ করেন যে মাঠের মান ও আনুষঙ্গিক ব্যবস্থা সেরা মানেরই থাকবে। এশিয়ার অনেক ক্রিকেট অ্যাসোসিয়েশনই এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে, তবে আয়োজকদের ওপর বিসিসিআইয়ের পূর্ণ বিশ্বাস আছে যে, সুযোগ, সুবিধা ও পরিকাঠামো সেরা মানেরই থাকবে। তিনি বলেন, এটা বিরাট কর্মযজ্ঞ। তাই আয়োজকরা যা করার সেটা নিশ্চয় করবেন। সইকিয়া আরও জানান, তিনি ১ অক্টোর সেখানে যাবেন, তখনই গোটা ছবিটা তাঁর কাছে পরিষ্কার হবে।
বোর্ড সচিব জানিয়ে দেন, তাঁরা এশিয়াডের সোনাকে খুব গুরুত্ব দিচ্ছেন. সে কারণেই সেরা টি টোয়েন্টি দলকে এশিয়ান গেমসে পাঠাচ্ছেন।
