সার্ভিসেসকে ৬০ রানে হারিয়ে রঞ্জিতে টানা দ্বিতীয় জয় বাংলার
সরাসরি জেতায় পেল ৬ পয়েন্ট। সার্ভিসেসের জেতার জন্য টার্গেট ছিল ২০৯ রান। আগের দিন দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২ রান করেছিল তারা। কিন্তু স্পিনার সহায়ক উইকেটে বাংলার স্পিনারদের সামনে পুরোপুরি ভেঙে পড়ল সার্ভিসেস ইনিংস। ৬৮,৫ ওভারে ১৪৮ রানেই শেষ তাদের ইনিংস।

ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
প্রত্যাশামতই সার্ভিসেসকে ৬০ রানে হারালো বাংলা। রঞ্জির প্রথম ম্যাচে দিল্লিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসকেও হারালো বঙ্গ ব্রিগেড। সরাসরি জেতায় পেল ৬ পয়েন্ট। সার্ভিসেসের জেতার জন্য টার্গেট ছিল ২০৯ রান। আগের দিন দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২ রান করেছিল তারা। কিন্তু স্পিনার সহায়ক উইকেটে বাংলার স্পিনারদের সামনে পুরোপুরি ভেঙে পড়ল সার্ভিসেস ইনিংস। ৬৮,৫ ওভারে ১৪৮ রানেই শেষ তাদের ইনিংস।
সার্ভিসেসের নীতীন তানোয়ার করেন ৪৯ রান। আর কেউই বড় রান করতে পারেননি। প্রথম উইকেটে ৪৩ রান ওঠে। দ্বিতীয় উইকেট পড়ে ৭৯ রানে। তখনও পর্যন্ত লড়াইটা ছিল। কিন্তু তারপরই পরপর উইকেট পড়তে থাকে। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪৮ রানে ৪ উইকেট নেন। আমির গণি ৪০ রানে ২ উইকেট ও শাহবাজ আঙমেদ ৪৪ রানে ৩ উইকেট নেন। এর বাইরে মহম্মদ কাইফ নেন একটি উইকেট।
এই ম্যাচে চারটি ইনিংসের মধ্যে একটিও ২০০ রানের গণ্ডী পেরোলো না। প্রথম ইনিংসে বাংলা করেছিল ১৮৪ রান। জবাবে সার্ভিসেসের প্রথম ইনিংস শেষ হয় ১২২ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলা করে ১৪৬ রান। ফলে সার্ভিসেসের সামনে টার্গেট দাঁড়ায় ২০৯ রান। তখনই বোঝা গিয়েছিল এই উইকেটে চতুর্থ ইনিংসে সার্ভিসেসের পক্ষে এই রান করা খুবই কঠিন। সেটটাই হল। তারা ১৪৮ রানে আউট হওয়ায় বাংলা জিতল ৬০ রানে। পরপর দুই ম্যাচ সরাসরি জিতে বাংলার মোট পয়েন্ট হল ১২।
