২০২৭ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলবে ভারত? বড় পরিকল্পনা BCCI-এর
২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার সেই যন্ত্রণা এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। এবার সেই হতাশা ভুলে ২০২৭ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এখন থেকেই বড় পরিকল্পনা তৈরি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার সেই যন্ত্রণা এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। এবার সেই হতাশা ভুলে ২০২৭ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এখন থেকেই বড় পরিকল্পনা তৈরি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায়। আর সেই কারণেই বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চাইছে BCCI। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ৪ থেকে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে ভারত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফেই নাকি এমন সিরিজ খেলার বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বিশ্বকাপের আয়োজক দেশগুলির পরিবেশে ক্রিকেটারদের অভ্যস্ত করে তোলাই এর মূল উদ্দেশ্য।
সূত্রের খবর, ২০২৭ সালের আইপিএল শেষ হওয়ার পর গ্রীষ্মকালে এই সিরিজ আয়োজন করা হতে পারে। এরপর অক্টোবর-নভেম্বরে শুরু হবে বিশ্বকাপ। ফলে মেগা টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় হাতে থাকবে।
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলা ভারতের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে দলের বেঞ্চ স্ট্রেংথ, নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স এবং বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
তবে এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজের চূড়ান্ত সূচি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। BCCI এবং CSA-এর মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার পরই এই সিরিজের সরকারি ঘোষণা হতে পারে।
২০২৩-এর ব্যর্থতার পর ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ভারত যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে, এই সম্ভাব্য সিরিজ তারই বড় ইঙ্গিত।
